চট্টগ্রামে রূপায়ণ আবাসন মেলায় বিপুল সাড়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম

বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রূপায়ণ আবাসন মেলা। উদ্বোধনের পরপরই মেলায় আগ্রহী ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ে। তাদের অনেকেই রূপায়ণ হাউজিংয়ের চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক প্রকল্পের স্পেস ও ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করেন।

অনেকেই আবার সরাসরি প্রকল্প এলাকা ঘুরে দেখে এসে কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বলে নিশ্চিত করছেন। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে আয়োজকরা বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরছেন তাদের কাছে।

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী মোড়ের প্রধান সড়কে রূপায়ণ আলিফ মীম টাওয়ারে মেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। মেলা উপলক্ষে রূপায়ণ আলিফ মীম টাওয়ারসহ সব আবাসন প্রকল্পে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলা থেকে ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশনে নির্মিত রূপায়ণের যেকোনো প্রকল্পে আবাসিক ফ্ল্যাট কিংবা বাণিজ্যিক স্পেস কেনা বা বুকিং দিলেই পাচ্ছেন বিশেষ ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নান্দনিক অ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে দেশের আবাসন খাত এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর পার্শ্ববর্তী কর্ণফুলী নদীর ওপারে নতুন শহর হবে। রূপায়ণ ঢাকায় যে ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, সেখানেও একই রকম প্রকল্প নিলে চট্টগ্রামবাসী লাভবান হবেন। সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বাসযোগ্য মেগা প্রজেক্ট চাই।

ছোটখাটো নয়, ঢাকার মতো চট্টগ্রামে বড় প্রজেক্ট করলে ব্যাপক সাড়া পাওয়া যাবে উল্লেখ করে ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রামে আবাসন সংকট দূর করা, নগর সম্প্রসারণ ও আধুনিকায়নে রূপায়ণ গ্রুপ অনেক বড় ভূমিকা পালন করতে পারে। চট্টগ্রামবাসী স্বনামধন্য রূপায়ণ গ্রুপের কাছে এটা প্রত্যাশা করেন।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জিএম (বিক্রয়) মো. বেলায়েত হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরে বসবাসকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে নগরে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে। তাই রূপায়ণ হাউজিং ঢাকায় যে আদলে বড় বড় প্রজেক্ট করে থাকে, সেভাবে চট্টগ্রামে করা হলে ব্যাপক সাড়া পাওয়া যাবে।

তিনি বলেন, কর্ণফুলী টানেলের নির্মাণকাজ অনেকদূর এগিয়েছে। এর ফলে চট্টগ্রাম শহরের পাশেই আরেকটি শহর গড়ে উঠছে। সেখানে রাস্তাঘাট অনেক উন্নত। সেখানে রূপায়ণ হাউজিং একটি বড় প্রকল্প হাতে নিলে ব্যাপক সাড়া পাওয়া যাবে।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জিএম মো. বেলায়েত হোসাইন বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট চট্টগ্রামের বিভিন্ন প্রাইম লোকেশন হালিশহর, কাতালগঞ্জ, চট্টেশ্বরীতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত আবাসিক ও কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে। এসব প্রকল্পে দোকান, শোরুম, কমিউনিটি হলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

তিনি বলেন, নাগরিক জীবনকে আরও নান্দনিকরূপে সাজাতে রূপায়ণ এনেছে দেশের প্রথম ও একমাত্র প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ প্রকল্প। এটি একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল প্রজেক্ট। রাজধানীর উত্তরায় ১৫০ বিঘা জমিতে ৬৩ শতাংশ সবুজ ও খোলামেলা পরিবেশে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই আবাসন প্রকল্পে থাকছে আবাসিক ও বাণিজ্যিক চারটি ফেইজে ৫০টির বেশি ১০তলা ভবন।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জিএম বলেন, আধুনিক জীবনের সব চাহিদা পূরণ করে পরিবেশবান্ধব এই প্রকল্প থেকে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন ক্রেতারা। এই প্রকল্পে ২৪ ঘণ্টা পানি, গ্যাস, বিদ্যুতের সুব্যবস্থা, খেলার মাঠ, শিশুদের জন্য ইনডোর গেমস জোন, এক্সক্লুসিভ ওয়েটিং লাউঞ্জ ও রিসেপশন, লাইফস্টাইল অ্যামিনিটিসহ কমিউনিটি ক্লাব, ডিপার্টমেন্টাল স্টোরস, সুপার মার্কেট, কনভেনশন হল, ব্যানকুয়েট হল, বারবিকিউ জোনসহ নানা সুযোগ-সুবিধা।

মেলার আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই রূপায়ণ আবাসন মেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বিশেষ ছাড়ে রূপায়ণ হাউজিং এস্টেটের ঢাকায় নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন শপিং মল ও আবাসন প্রকল্পেও কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট ক্রয় ও বুকিং দেওয়ার সুযোগ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরোপ্রধান ফারুক ইকবাল, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড চট্টগ্রাম অফিসের এজিএম ওমর ফারুক আলম, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এইচ এম গিয়াস উদ্দিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) মো. সাইফুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত