টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ ঘিরে বৃষ্টি ভালোই বাগড়া দিচ্ছে। বিকেল পাঁচটা নাগাদ কমে যাওয়ায় ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। এরপর সাতটার দিকে আবার হানা দেয় বৃষ্টি। কিছু সময় পর কমেও যায়।
বৃষ্টির এমন আচরণে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টস করতে পারেনি। সাতটায় মাঠের অবস্থা দেখতে নামার কথা ছিল আম্পায়ারদের। সেটিও তারা পারেননি। এখন নতুন সময় জানার অপেক্ষা।
র্যাঙ্কিংয়ের বিচারে আসরের সবচেয়ে শক্তিশালী দল আফগানিস্তান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তারা আছে সাতে। বাংলাদেশ দশে। জিম্বাবুয়ে ১৪ নম্বরে।
বাংলাদেশে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে এই প্রথমবার।
আফগানিস্তানের কাছে টেস্ট হেরে স্বাগতিকেরা দারুণ বিপদে। অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে ডুবে আছে হতাশায়। এই সিরিজ শেষে দেশটির অনেকেই ক্রিকেটকে বিদায় বলবেন। আর কবে তারা আইসিসির টুর্নামেন্ট খেলতে পারবেন, সেটি নিশ্চিত নয়।