গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার হাই-টেক পার্ক ও মাইওয়ান ইলেকট্রনিকসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও কারখানা কর্র্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কারখানাটির ছয়তলায় আগুন লাগে। জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ছয় ঘণ্টা পর বেলা একটার দিকে তা নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার কারখানাটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে এ ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।
অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনায় ত্রুটির বিষয়ে নোটিস দিলেও কারখানা কর্র্তৃপক্ষের সাড়া মেলেনি বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মোতালেব মিয়া। তিনি বলেন, ‘কারখানায় ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণের পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় ২০-২৫ দিন আগে আমরা নোটিস দিয়েছিলাম। কিন্তু কারখানা কর্র্তৃপক্ষ কোনো জবাব দেয়নি।’
অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না রাখার বিষয়ে জানতে চাইলে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও মাইওয়ান ইলেকট্রনিকসের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান বলেন, ‘ওই সময় কারখানায় কাজ বন্ধ ছিল। কীভাবে ছয়তলায় আগুন লাগল তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল।’
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, গাজীপুরে মিনিস্টার হাই-টেক পার্ক ও মাইওয়ান ইলেকট্রনিকস কারখানায় অগ্নিকাণ্ডের খবরে জয়দেবপুর, শ্রীপুর, কালিয়াকৈর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নেন। আগুন লাগার কারণ জানা যায়নি। বাতাস থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার নিরাপত্তাকর্মীরা দেশ রূপান্তরকে জানান, ভোরে হঠাৎ আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত কারখানায় এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
