চাঁদপুর-সিলেট রুটের সততা পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে। এ ঘটনায় বাসে থাকা ৪৫ যাত্রীর মধ্যে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বাসের যাত্রীরা আনোয়ার হোসেন (৫৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন।
বাসটির সুপারভাইজার আবদুল ওয়াব বলেন, সিলেট থেকে রাত ১১টায় বাসটি ছাড়ার সময় অন্যান্য যাত্রীর সঙ্গে সংঘবদ্ধ ডাকাতদলের সাতজন যাত্রী হিসেবে বাসে ওঠে। সাড়ে তিন ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা নামক স্থানে চালককে তার আসন থেকে জোরপূর্বক উঠিয়ে ডাকাতদলের একজন আনোয়ার হোসেন চালকের আসনে বসে। বাকি ছয়জন অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় চার থেকে পাঁচ যাত্রী আহত হন।
বাসের চালক সালাউদ্দিন বলেন, ডাকাতির ঘটনার সময় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস বারবার হর্ন দিয়ে আসছিল।
ডাকাতরা মাইক্রোবাসটি আইন-শৃঙ্খলা বাহিনীর মনে করে উজানিসা নামক স্থানে বাস থেকে লাফিয়ে পড়ে। চালকের আসনে বসা আনোয়ার জানালা দিয়ে লাফিয়ে পড়লে তার পা ভেঙে যায়। পরে যাত্রীরা নেমে আনোয়ারকে আটক করে চাঁদপুরে নিয়ে আসেন।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি যেহেতু অন্য জেলায়, আমরা সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে পরে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
