হিন্দিকে রাষ্ট্রভাষা করতে চায় বিজেপি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪ এএম

হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করতে চায় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল শনিবার হিন্দি দিবসকে সামনে রেখে বিজেপির প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার আহ্বান জানিয়েছেন।

শনিবারের টুইট বার্তায় তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে ভারতের পরিচয় নিশ্চিত করতে একটি ভাষা খুব গুরুত্বপূর্ণ।’ তার মতে, ভারতের অন্য সব ভাষার মধ্যে একমাত্র হিন্দিরই আছে সেই ক্ষমতা যা গোটা জাতিকে একত্রিত করতে পারে। ভারত সেই দেশ যেখানে প্রত্যেক ভাষাকেই তার নিজস্ব স্বকীয়তার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হয় বলেও তিনি জানান।

প্রতি বছর ১৪ সেপ্টেম্বর হিন্দি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৪৯ সালের এই দিনেই ভারতের গণপরিষদ হিন্দিকে দেশটির সরকারি ভাষা হিসেবে গ্রহণ করে। ওই দিনের তাৎপর্য তুলে ধরতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়। দেবনাগরি লিপিতে রচিত হিন্দি, দেশের ২২টি নির্ধারিত ভাষার একটি। তবে হিন্দি হলো কেন্দ্রীয় সরকারের দুটি সরকারি ভাষার মধ্যে একটি, অন্যটি হলো ইংরেজি ভাষা।

অমিত শাহ হিন্দিকে জাতীয় ভাষা করার কথা উল্লেখ করে বলেন, ভারত বহু ভাষাভাষীর দেশ এবং প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব থাকলেও বিশ্বব্যাপী পরিচিতির জন্য একটি অভিন্ন ভাষার প্রয়োজন।

ভারতের হিন্দি ও ইংরেজি ভাষা দুইটি জাতীয় পর্যায়ে স্বীকৃত। এর বাইরে রাজ্য পর্যায়ে আরও ২২টি ভাষা স্বীকৃত। দেশটির এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো জাতীয় ভাষা নেই। সাধারণত জাতীয় ভাষা একটি দেশের দেশাত্মবোধ ও জাতীয়তাবাদী চরিত্রকে চিহ্নিত করে।

অমিত শাহ’র টুইট বার্তায় স্পষ্ট ইঙ্গিত দেয় বিজেপি হিন্দি ভাষাকে জাতীয় ভাষা করতে উৎসাহী। টুইট বার্তায় তিনি আরও বলেন, ‘ভারতে বহু ভাষা রয়েছে। কিন্তু এখন বৈশ্বিক পর্যায়ে ভারতকে চিহ্নিত করতে একটি ভাষার প্রয়োজন। এই জাতিকে আজ একত্রিত করতে পারে এমন শক্তি শুধু একটি ভাষার মধ্যেই আছে। আর সেই ভাষা হলো হিন্দি। এই ভাষা ভারতে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয় এবং মানুষ এই ভাষা বোঝে।’ সূত্র : এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত