শীর্ষস্থান ধরে রেখেছেন স্মিথ-কামিন্স

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ পিএম

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। বোলারদের র‌্যাঙ্কিংয়েও নিজের জায়গা ধরে রেখেছেন প্যাট কামিন্স।

ওভালে রবিবার অ্যাশেজের শেষ টেস্টে ১৩৫ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে ২-২ এ ড্র হয় অ্যাশেজ। ম্যাচের প্রথম ইনিংসে ৮০ ও দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেন স্মিথ। যা তাকে দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির চেয়ে ৩৪ রেটিং পয়েন্ট এগিয়ে রেখেছে। শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯৩৭, অন্যদিকে কোহলির রেটিং পয়েন্ট ৯০৩।

অ্যাশেজ শুরুর আগে ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন স্মিথ। ২০১৮ সালে বল ট্যাম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হন। এরপর অ্যাশেজ দিয়েই ফেরেন সাদা পোশাকে। ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিক পারফর্ম করেন এই স্মিথ। ৪ টেস্টে করেছেন ৭৭৪ রান। একুশ শতকে এক সিরিজে এটিই সর্বোচ্চ রানের কীর্তি।

স্মিথের স্বদেশি কামিন্স বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকে কাগিসো রাবাদার চেয়ে এগিয়ে ৫৭ রেটিং পয়েন্ট। এদিকে জোফরা আর্চার প্রথমবারের মতো সেরা ৪০-এ ওঠে এসেছেন। ওভালে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। অজি পেসার জস হ্যাজলউড সেরা দশে জায়গা হারিয়েছেন। তার অবস্থান এখন ১২তম।

এদিকে অ্যাশেজে ব্যর্থ ডেভিড ওয়ার্নার সাত ধাপ নিচে নেমে গেছেন। ২৪তম অবস্থানে রয়েছেন তিনি। ১০ ইনিংসে মাত্র ৯৫ রান করেন ওয়ার্নার। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জ্যাসন হোল্ডার। সাকিব আল হাসান আছেন দুই নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত