এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-৩) স্বর্ণ পদক জয়ী আরচার রোমান সানাকে মঙ্গলবার গণভবনে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোমানের অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে চীনের শি ঝেনকিকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন রোমান। একই প্রতিযোগিতায় দলগত ইভেন্টে রুপা ও মিশ্র দলগততে ব্রোঞ্জ পদকও জয় করেন খুলনার এই আরচার।
এমন সাফল্য অর্জন করে সোমবার দেশে ফেরার পর সেভাবে কোনো সংবর্ধনা না পাওয়ায় আক্ষেপের কথা বলেছিলেন রোমান। ‘ক্রিকেটাররা সাফল্য পেলে অভিনন্দন পান, কিন্তু আমি সাফল্য পেলে সেভাবে কিছু জুটে না’- এভাবেই নিজেরে আক্ষেপের কথা সংবাদমাধ্যমে বলেছিলেন রোমান।
একদিন পরই অবশ্য রোমানকে গণভবনে ডেকে নিয়ে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী। হঠাৎ এমন সংবর্ধনা পেয়ে রোমাঞ্চিত রোমান, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। অনেকবার দেখেছি, অনেক ক্রীড়াবিদকেই মাননীয় প্রধানমন্ত্রী কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আমাকেও তিনি অনেক দোয়া করেছেন। নিজ হাতে মিষ্টিও খাইয়ে দিয়েছেন। সত্যি এটা আমার জন্য স্বপ্নের মতো।’
অসুস্থ মায়ের চিকিৎসা দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ টেনে রোমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সবকিছুই করবেন। মা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, সেটা হবে আমার জন্য আরও আনন্দের।’
গেল জুনে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপেও রুপা জয় করেন রোমান। যেটি ছিল আরচারির বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রথম সাফল্য। সেই আসরেই সরাসরি অলিম্পিকে খেলার কোটা প্লেস অর্জন করেন রোমান।
আরো পড়ুন:
