ব্যাপারটা যেন হুট করেই হয়ে গেল। দু’দিন আগে দেশের মাটিতে পা রেখেই আক্ষেপ করে বলেছিলেনÑ ক্রিকেটাররা কতটা সাধুবাদ পান, অথচ আন্তর্জাতিক সাফল্য আনার পরও আমার ভাগ্যে কিছু জোটে না। দু’দিন পরই যে রোমান সানার সেই আক্ষেপ এভাবে ঘুচে যাবে তা নিজেও কল্পনা করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই গতকাল ডেকে পাঠান এশিয়া কাপ আরচারিতে রিকার্ভ একক ইভেন্টে স্বর্ণজয়ী এই তীরন্দাজকে।
কাছে টেনে নিয়ে পরম মমতায় কেবল মাথায় হাত বুলিয়ে দোয়াই করেননি রাষ্ট্রনায়ক, রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। দীর্ঘ ৮ বছরের ক্যারিয়ারে স্বপ্ন ছিল একবার প্রধানমন্ত্রীর কাছে যাবেন গত জুনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাওয়া রোমান। সেই স্বপ্ন পূরণ হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না ২৪ বছর বয়সী খুলনার এই ছেলে। যেন বিশ্বাসই হচ্ছিল না তার, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। অনেকবার দেখেছি অনেক ক্রীড়াবিদকেই মাননীয় প্রধানমন্ত্রী কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আমাকেও তিনি অনেক দোয়া করেছেন। নিজ হাতে মিষ্টিও খাইয়ে দিয়েছেন। সত্যি এটা আমার জন্য স্বপ্নের মতো।’
অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ টেনে রোমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সব কিছুই করবেন। মা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, সেটা হবে আমার জন্য আরও আনন্দের।’ রোমান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ আরচারি ফেডারেশনের শীর্ষ কর্তা ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের উপস্থিতিতে প্রধানমন্ত্রী আরচারিকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
