চোট কাটিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে মাঠে নামলেন লিওনেল মেসি। কিন্তু তেমন নৈপুণ্য দেখাতে পারেননি বদলি নামা এই ফরোয়ার্ড। জয় পায়নি দলও। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে হেরে যেতে বসেছিল বার্সেলোনা। আক্রমণে দারুণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিক দল। অন্তত দুটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছে বুন্দেসলিগার দলটি। এর মধ্যে একবার বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। আরেকবার হতাশ করেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
ম্যাচটির মধ্য দিয়ে দারুণ একটি রেকর্ড গড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের ১৬ বছর বয়সী খেলোয়াড় আনসু ফাতি। ক্লাবের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে নাম লেখালেন তিনি। ঘণ্টা খানিক পর তার জায়গাতেই বদলি হিসেবে নামেন মেসি।
এমনকি মেসি মাঠে নামার পর খেলায় ডর্টমুন্ডের গতি আরও বাড়ে। ৫৭তম মিনিটে পেনাল্টি পায় দলটি। কিন্তু বার্সেলোনা গোলরক্ষকের সামনে স্পট কিক কাজে লাগাতে পারেনি জার্মান ক্লাবটির অধিনায়ক মার্কো রিউস।
স্পট কিক ছাড়াও ফরোয়ার্ড রিউসের অন্তত আরও দুটি প্রচেষ্টা রুখে দেন স্টেগেন। ৭৭তম মিনিটে ইউলিয়ান ব্রান্ডটের জোরালো শট লাগে ক্রসবারে।
তবে প্রথমার্ধে খেলা তেমন জমাতে পারেনি কোনো দল। ডর্টমুন্ড গোলের প্রথম সুযোগটি পেয়েছিল ২৫তম মিনিটে। কিন্তু সতীর্থের কাছ থেকে রক্ষণ ছেঁড়া পাস ডি-বক্সে পেয়েও সুযোগটি কাজে লাগাতে পারেননি রিউস।
প্রথমার্ধে গোলের একটি সুযোগ পেয়েছিলেন বার্সেলোনার লুইস সুয়ারেস। কিন্তু দূরহ কোণ থেকে জাল খোঁজে নিতে পারেননি এই স্ট্রাইকার। মেসি মাঠে নামার পর বার্সেলোনার আক্রমণে কিছুটা গতি বাড়লেও কোনো আসেনি।
বলা যায় বরুসিয়ার মাঠ থেকে মূল্যবান এক ড্র নিয়েই ফিরেছে বার্সেলোনা। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে নিজেদের মাঠে চেক প্রজাতন্তের ক্লাব স্লাভিয়া প্রাহার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিলান।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বড় অঘটনের শিকার হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। নাপোলির মাঠে খেলতে গিয়ে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
