আশুলিয়ায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাব-১ এর একটি দল। এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৬টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৭টি মলমের কৌটা, ৫টি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে প্রথমে ৭জন ও পরে আরো ৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. লিটন সরকার (২৭), মো. খলিলুর রহমান (৩৬), মো. রিপন (১৮), মো. রাকিব (১৫), মো. আরমান আলী (২৫), মো. মমিন হোসেন (২৫), মো. সবুজ খান (৩৫), মো. বাবুল হোসেন বাদুদ (৪২), মো. মাসুদ রানা (৪০) ও মো. হাবিবুর রহমান (২৩)। তবে এদের বিস্তারিত কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
র্যাব-১ ও সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি সালাউদ্দিনের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে র্যাব-১ ও সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি সালাউদ্দিন জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টি চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে।
এরা সাধারণত আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ছিনতাই ও চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করেন।
এ চক্রের বাকি সদস্যদের আটক করার জন্য এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
