যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
ক্যাসিনো চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানায়।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম খালেদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান শুরু করেন র্যাব সদস্যরা।
সারোয়ার বিন কাশেম গণমাধ্যমকে বলেন, খালেদ ভুঁইয়াকে ধরতে তার বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। এর আগে জুয়া চলছে এমন খবরের ভিত্তিতে ইয়ংমেনস ক্লাবে অভিযান চালানো হয়।
ক্লাবে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল আয়োজন। সেখান ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয় বলে সারোয়ার বিন কাশেম জানান।
শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে বেড়ে ওঠা খালেদ মাহমুদ ভুঁইয়া ফকিরাপুলের এই ক্লাবের সভাপতি।
ওই ক্লাব থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন।
আটকদের সবাইকে উত্তরায় র্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রভাবশালী নেতা খালেদকে ধরতে অভিযান চালাল র্যাব।
