শীতের আগেই ঢালিউড বেশ জমে উঠেছে। তবে সিনেমা নির্মাণ বা শ্যুটিংয়ের জন্য নয়, শিল্পী সমিতির তারকাবহুল নির্বাচনের জন্য। সেই সঙ্গে জমে উঠেছে সিনেমার ব্যবসা। গত সপ্তাহে একই দিন দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে এখন নতুন ছবি চলছে। এবার মিলল আরেকটি নতুন ছবির খবর। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে কমল সরকারের ছবি ‘পাগলামি’। চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন তিনি। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকার বাপ্পি চৌধুরী আর কলকাতার শ্রাবণী রায়। ছবিটি প্রযোজনা করেছেন তরুণ চলচ্চিত্র প্রদর্শক আবদুল্লাহ হিমেল। তিনি ফেনীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ কাননের কর্ণধার। এ ছবির মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। শুধু তা-ই নয়, ছবিতে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তার চরিত্রে অভিনয়ও করেছেন।
ছবির মন্দা বাজারেও দুটি নতুন ছবি চলছে। এর মধ্যে নতুন ছবি আদৌ দর্শক নেবে? এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ হিমেল বলেন, ‘এখন সিনেমার ব্যবসায় মন্দা চলছে। তারপরও এ শিল্পকে ভালোবাসি বলেই চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছি। ভালোবাসার টানে প্রযোজনার খাতায় নাম লিখিয়েছি। ছবির গল্প অবশ্যই দর্শকের ভালো লাগবে।’ আবদুল্লাহ হিমেল জানান, ‘পাগলামি’ মিষ্টি প্রেমের ছবি। দর্শক আনন্দের সঙ্গে ছবিটি গ্রহণ করবে। ইতিমধ্যে ছবির ট্রেলার আর গানগুলো প্রশংসিত হয়েছে।
‘পাগলামি’ ছবিতে বাপ্পি চৌধুরী ও শ্রাবণী রায় ছাড়া আরও অভিনয় করেছেন রোহান, পারমিতা, রাজ, তোতা, প্রিন্স, সাদিয়া, আমির সিরাজী, গাঙ্গুয়া ও শিবা সানু। তরুণ-তরুণীদের কিছু পাগলামির গল্প উঠে এসেছে ছবির গল্পে। পাশাপাশি তাদের পরিবারেরও কিছু গল্প রয়েছে। গল্পে বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছেলেমেয়ে শিক্ষাসফরে যায়। সেখানে ঘটে নানা ঘটনা।
নিজের সিনেমা নিয়ে বরাবরই আশাবাদী বাপ্পি চৌধুরী। তিনি বলেন, ‘কমল সরকারের সিনেমা মানেই অন্যরকম ব্যাপার। একেবারে আলাদা ধরনের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্প ও নির্মাণে বেশ নতুনত্ব আছে। সব মিলিয়ে ভালো কিছু হয়েছে। আশা করছি সিনেমাটি দর্শকদের মন ভরাবে।’ কলকাতার নায়িকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘শ্রাবণী খুব মিষ্টি একটি মেয়ে। তার অভিনয়ে সরলতা আছে। এক্সপ্রেশন ও নাচ খুব ভালো। তার মিষ্টি চেহারা দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে শ্রাবণীর প্রথম কাজ হলেও পর্দায় তা বোঝা যাবে না। কারণ, কাজ করতে করতে আমাদের বোঝাপড়াটা বেশ মজবুত হয়ে গিয়েছিল। শ্যুটিংয়ের সময় যারা উপস্থিত ছিলেন সবাইকে বলতে শুনেছি আমাদের দুজনের রসায়ন বেশ ভালো হয়েছে। আমি চাই দর্শক সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন। তারপর ভালো-মন্দ বিচার করবেন।’
প্রযোজক জানিয়েছেন, আগামীকাল ৪০টি প্রেক্ষাগৃহে ‘পাগলামি’ ছবিটি দেখা যাবে। তবে হলের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বাপ্পি ও অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা ‘শ^শুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির কথা রয়েছে আসন্ন দুর্গাপূজায়। এছাড়া ‘ডেঞ্জার জোন’ ও ‘ঢাকা ২০৪০’ সিনেমাটি দুটির কাজ এখনো কিছুটা বাকি রয়েছে। পরপর এই তিনটি সিনেমা মুক্তি পাবে।
