কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি উৎসবে যোগ দিতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আয়োজিত নবীনবরণ উৎসবে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়।
খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দিতে বাবুল সুপ্রিয় যখন বিশ্ববিদ্যালয়টিতে যান তখন শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। হলে ঢুকতে না দিয়ে শিক্ষার্থীরা তাকে বাইরে আটকে রাখেন। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘গো ব্যাক বাবুল সুপ্রিয়’।
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বাবুল সুপ্রিয়র সঙ্গে থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘোষণা দেন, বাবুল সুপ্রিয়সহ বিজেপির কাউকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। বিক্ষোভ চরমে পৌঁছালে একদল ছাত্রছাত্রী বাবুল সুপ্রিয়কে লাঞ্ছিত করে। এ সময় তাকে চড়-থাপ্পড় মারা হয়। তার জামা ছিঁড়ে দেওয়া হয়।
এ সময় তার সঙ্গে থাকা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়।
সুপ্রিয়কে ঘেরাও করা হয়েছে শুনে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হন। এ সময় শিক্ষার্থীরা দাবি তোলেন, পরবর্তী সময়ে বিজেপি বা তাদের কোনো অঙ্গসংগঠনকে এই বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না এই মর্মে উপাচার্যকে ঘোষণা দিতে হবে। পরিস্থিতি আরও ঘোলাটে হলে উপাচার্য এই সংঘর্ষের মুখে পড়ে আহত হন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। এই সংঘর্ষে দুজন শিক্ষার্থীও আহত হন। তাদেরও হাসপাতালে নেওয়া হয়।
