শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৩ পিএম

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ্‌-উল-হক।

২৭ সেপ্টেম্বর থেকে করাচিতে শুরু হবে এই সিরিজ। অনুমিতভাবেই দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। পরিবর্তন দুটি। অসুস্থতার কারণে দলে নেই পেসার শাহীন আফ্রিদি; চোটের কারণে নেই আরেক পেসার হাসান আলি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া শাহীন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অন্যদিকে হঠাৎ করেই পিঠের চোটে পড়েছেন সম্প্রতি বিয়ে করা হাসান।

হাসান আলির চোট সমস্যা নিয়ে সাংবাদিকদের মিসবাহ বলেন, “সত্যিকার অর্থে হাসান স্কোয়াডে ছিল। কিন্তু গতকাল সে পিঠে ব্যথা বোধ করছিল। ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, এই মুহূর্তে সে দলের সঙ্গে থাকতে পারবে না। দেখা যাক সে কতটা দ্রুত চোট কাটিয়ে ওঠে।”

দলে ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান আবিদ আলি, অলরাউন্ডার ইখতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, পেসার উসমান শিনওয়ারি ও মোহাম্মদ হাসনাইন।

২৯ বছর বয়সী ইফতিখার ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেবল দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। দলে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো অভিজ্ঞ দুই অলরাউন্ডারের উপস্থিতির কারণে এরপর থেকে সাইড লাইনে থাকতে হয়েছে তাকে।

গত জুলাইয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মালিক। অন্যদিকে, ক্যারিবিয়ান লিগে খেলার কারণে এই সিরিজে থাকছেন না হাফিজ।

এক বছর পর দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন বোলিংয়ে বেশ কার্যকর হওয়ায় দলে নেওয়া হয়েছে তাকে। ঘরের মাঠে ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

বিশ্বকাপে আশানুরূপ নৈপুণ্য দেখাতে না পারলেও ওপেনিংয়ে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ফখর জামান। তার ব্যাপারে মিসবাহ্‌র বক্তব্য, “তার পারফরম্যান্স শেষ হয়ে যায়নি। তার রানের গড় এখনো ৪৭ এর কাছাকাছি। সে এমন একজন খেলোয়াড়, যে ম্যাচে প্রভাব বিস্তার করতে পারে। এমন একজন খেলোয়াড় ১০ ওভার খেলতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকে।”

সংযুক্ত আরব আমিরাতের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি হাঁকিয়েও বিশ্বকাপ দলে জায়গা পাননি উইকেটকিপার কাম ব্যাটসম্যান রিজওয়ান। শ্রীলঙ্কার বিপক্ষে দলে ডাক পেয়েছেন তিনি।

তবে উইকেটকিপারের দায়িত্ব অধিনায়ক সরফরাজের হাতেই থাকবে বলে জানিয়েছেন মিসবাহ্‌। রিজওয়ান ফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে তারা। দলে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পাকিস্তান সফরে নেই দলটির সিনিয়র ক্রিকেটাররা।

করাচিতে ২৭ সেপ্টেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর।

একই ভেন্যুতে ৫ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, আসিফ আলি, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত