'ধর্মভিত্তিক দল গড়বে না' জামায়াতের দলত্যাগীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নতুন রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশের আশা ব্যক্ত করেছেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা মো. মজিবুর রহমান মঞ্জু। ধর্ম তাদের নতুন দলের মূল ভিত্তি হবে না বলেও জানান তিনি।

শুক্রবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলের গঠনতন্ত্র, ইশতেহার, কর্মসূচি, নাম ইত্যাদি নিয়ে সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে আমরা কথা বলছি, মতামত নিচ্ছি। আমরা বেশি সময় নিতে চাই না আবার তাড়াহুড়ো করতে চাই না।

বিবিসি বাংলার মানসী বড়ুয়ার প্রশ্নের জবাবে, মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের দল কোনো ধর্মীয় দলও হবে না, ধর্ম নিরপেক্ষও হবে না। ধর্ম মানুষের বোধ এবং বিবেচনার গুরুত্বপূর্ণ পথ। ধর্ম থেকে আমরা অবশ্যই অনুপ্রেরণা নেব, কিন্তু আমাদের দল কোনো ধর্মভিত্তিক দল হবে না।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য হবে। একটি ধর্মভিত্তিক দলে তো অন্য ধর্মের লোকজন আসবে না। মানুষের ধর্ম থাকতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের কোনো ধর্ম থাকতে পারে না।

জনকল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা এই তিনটি বিষয়কে মূল লক্ষ্য এবং আদর্শ হিসেবে নিয়ে দল গঠন করা হবে উল্লেখ করে মো. মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা এবং সাম্য প্রতিষ্ঠার কথা ছিল। সেই আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে আমাদের লক্ষ্য।

এছাড়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর কখনই আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ না করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে অবস্থান সুস্পষ্ট করা হবে।

তিনি বলেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করেছে, কিন্তু এ নিয়ে অবস্থান পরিষ্কার না করলে মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেতে কষ্ট হবে - দলের ভেতর এমন কথা আমি অনেকবার বলেছি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত