আফিফের জোড়া আঘাতের পর মোস্তাফিজ-সাকিব ঝলক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৩ পিএম

বাংলাদেশের জন্য ক্রমেই মহাবিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছিল আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাইয়ের উদ্বোধনী জুটি। অবশেষে এই জুটির লাগাম টানলেন আফিফ হোসেন। এক ওভারে জোড়া উইকেট নিয়ে লাল-সবুজ ডেরায় স্বস্তি এনে দিয়েছেন এই অফ স্পিনার।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বে শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বড় সংগ্রহের দিকে ছোটে আফগানিস্তান। রোখা যাচ্ছিল না রহমতউল্লাহ ও হযরতউল্লাকে।

প্রথম ওভারেই এই জুটিতে ফাটল ধরালেন আফিফ। তার বলে উড়িয়ে খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি হযরতউল্লাহ (৪৭)। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ মুঠোয় জমান মোস্তাফিজুর রহমান।

একই ওভারের পঞ্চম বলে ফের আঘাত আফিফের। কোনো রান না দিয়েই এবার তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আসগর আফগানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করলেন এই তরুণ ক্রিকেটার।

আফিফ নৈপুণ্যের পর জ্বললেন মোস্তাফিজুর রহমানও। দলীয় ৮০ রানে রহমতউল্লাহ গুরবাজকে (২৯) কট অ্যান্ড বোল্ড করেন এই কাটার মাস্টার।

দলীয় ৮৮ রানে সাকিব আল হাসানের শিকারে পরিণত হন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি (৪)। খেই হারিয়ে ফেলা আফগানিস্তান ৯৬ রানে হারায় পঞ্চম উইকেট। রান-আউট হয়ে ফেরেন গুলবাদিন নায়েব (১)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত