শ্রীলঙ্কাকে উড়িয়ে শুভসূচনা যুবাদের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫০ এএম

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু পেল বাংলাদেশ যুব ফুটবল দল। নেপালে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে  শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে তারা। গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে অনূর্ধ্ব-১৮’র ছেলেরা। এই গ্রুপের অন্য দল ভারত। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ বাংলাদেশ।

লঙ্কান যুব দলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম মিনিটেই দেখা মেলে কাক্সিক্ষত গোলের। দ্বিতীয়ার্ধে আরও দুটি। প্রথম মিনিটেই গোলের জন্য আক্রমণ করে কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। সতীর্থের কর্নারে তানবির হোসেনের হেড দূরের পোস্টে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পেতে পারত বাংলাদেশ যুবারা। কিন্তু আমির হাকিম বাপ্পীর জোরালো শট ফিস্ট করে ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। ৭০তম মিনিটে গোলরক্ষক শান্ত কুমার রায়ের দৃঢ়তায় গোল হজম থেকে বেঁচে যায় বাংলাদেশও। অবশেষে ৭৭তম মিনিটে কর্নারের পর ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম মোর্শেদ। ১০ মিনিট পর ফয়সাল আহমেদ ফাহিম বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

সাফের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় জয়ে শুরুর ধারা ধরে রাখল বাংলাদেশ। ২০১৫ সালের প্রথম আসরে ভুটানকে ২-১ গোলে হারানো দল ২০১৭ সালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল। এবার শুভসূচনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনূর্ধ্ব-১৮ দলের বর্তমান কোচ অ্যান্ড্রু পিটার টার্নার, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন। এই ম্যাচ দিয়ে নিজেদের অবস্থা দেখে নেয় সবাই। আবার এ ম্যাচে জিতে ভালো শুরু পাওয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা সেটা পেয়েছি। হয়তো শ্রীলঙ্কার চেয়ে আমরা সবদিক থেকে ভালো ছিলাম, ফিট ছিলাম; এ কারণে শুরুতেই গোল পেয়েছি এবং সেটাই জয়ের পথ তৈরি করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত