এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে ইয়েমেনের কাছে হেরেছে বাংলাদেশ। এই হারে বাছাই পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের কিশোরদের।
রবিবার কাতারের দোহায় অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের কিশোররা ০-৩ গোলে হারে ইয়েমেনের কাছে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করলেও দ্বিতীয়ার্ধে প্রতিরোধ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
প্রথমার্ধে ভালো একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের কিশোররা। কিন্তু ইয়েমেন ডিফেন্ডাররা সেটি প্রতিহত করে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আলি হাসান গোল করে এগিয়ে দেন ইয়েমেনকে। ৭৩ ও ৭৮ মিনিটে হামজাদ আহমেদ পর পর দুই গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন বাংলাদেশকে।
৯০ মিনিটে দারুণ একটি পেনাল্টি ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি বাংলাদেশ গোলরক্ষক মেহেদি হাসান। পুরো ম্যাচ জুড়েই দারুণ কিছু আক্রমণ রুখেছেন তিনি। নইলে ব্যবধান বাড়তে পারত আরো।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে ০-২ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে তুলে নেয় ৩-০ গোলে জয়। চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতেই হতো বাংলাদেশকে।
১১ গ্রুপে ভাগ হয়ে ৪৭টি দল খেলছে এই বাছাই পর্বে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা চারটি রানার্সআপ দল খেলবে ২০২০ সালে হতে যাওয়া মূল পর্বে। সঙ্গে থাকবে স্বাগতিক বাহরাইন।
