হংকংয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার চলছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২ এএম

হংকংয়ের রাস্তায় আবারও নেমেছে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির পুলিশ ও সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়িয়েছে বলে জানিয়েছে এএফপি।

৩ মাসের বেশি সময় চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গত শনিবার চীনের মূল ভূখণ্ডের সীমানায় তুয়েন মুন শহরে ব্যারিকেড গড়ে বিক্ষোভ দেখায় কয়েকশ বিক্ষোভকারীর একটি দল।

কিছুক্ষণের মধ্যেই দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পেট্রলবোমা ছুড়ে মারে তারা। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। এদিন নতুন করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

প্রথমে অপরাধী প্রত্যর্পণের দাবিতে শুরু হলেও বিক্ষোভ শিগগির চীনা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বৃহত্তর গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে এ আন্দোলন শনিবারই ১৬ সপ্তাহে গড়িয়েছে। প্রথমে শান্তিপূর্ণ হলেও গত মাস থেকেই সহিংস চেহারা নিয়েছে বিক্ষোভ। গত সপ্তাহেই একটি থানা ভবনসহ কয়েকটি সরকারি অফিসে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসব হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড আখ্যা দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে পেইচিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত