ঢাবিতে বশেমুরবিপ্রবি ভিসির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৬ এএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন বশেমুরবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভিসির পদত্যাগের দাবি জানিয়েছেন।

প্রাক্তন শিক্ষার্থী শশী প্রসাদ বলেন, ‘আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে তার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।’ শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘যে স্বপ্ন, আশা-আকাক্সক্ষা নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে একজনকে বসিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।’

এ সময় ‘ভিসির পেটোয়া বাহিনী’র অবিলম্বে গ্রেপ্তার চাই, ‘সন্ত্রাসী হামলায় প্রশাসন চুপ কেন’, ‘আমার ভাইবোনের রক্ত ঝরালে কেন, জবাব চাই জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। একই সময় মানববন্ধন করে মুক্তিযোদ্ধা মঞ্চ। এ সময় ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আবেদন, অবিলম্বে ভিসিকে অপসারণ করতে হবে।’

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গত শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

চবি শিক্ষার্থীদের মানববন্ধন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বশেমুরবিপ্রবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বশেমুরবিপ্রবি উপাচার্য তার গুন্ডাবাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক বিচার এবং উপাচার্যকে তার পদ থেকে অপসারণ করা হোক।’

কুবিতে মানববন্ধন : বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে শনিবার রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করে বশেমুরবিপ্রবির উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয় মেধা ও মনন বিকাশের জায়গা। সেখানে ভিসি এমন অশালীন ভাষা ব্যবহার করতে পারেন না। তিনি শিক্ষক ও ভিসি নামের কলঙ্ক। আমরা ভিসির পদত্যাগের আন্দোলনে একাত্মতা পোষণ করছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর কোনো প্রতিষ্ঠানে না ঘটে, সে আহ্বান করছি।

শেকৃবিতে অবাঞ্ছিত ঘোষণা : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বশেমুরবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বশেমুরবিপ্রবি উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিউল আলম পরশ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের পর থেকে শেকৃবিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

পরে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামালউদ্দিন আহাম্মদের কাছে প্রতিবাদলিপি জমা দেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত