বিশেষ পর্যটন এলাকায় বিদেশিদের জন্য ক্যাসিনো থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সচিব এ কথা জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও উপস্থিত ছিলেন। সচিব বলেন, ‘ক্যাসিনো নিয়ে আজ অনেক কথা হচ্ছে। বাংলাদেশে বিশেষ করে পর্যটকদের জন্য ক্যাসিনো দরকার। মালয়েশিয়ায় ক্যাসিনো আছে, সেখানে বিদেশিদের পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে ঢুকতে হয়। আমরা তো পর্যটকদের জন্য এ ধরনের কোনো সুযোগ-সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করব, সেখানে বিদেশিদের জন্য এসব সুবিধা থাকবে।’
ব্যাংককের মতো বিদেশিদের জন্য নাইট ক্লাব-ক্যাসিনোর দিকে সরকার যাবে কি না জানতে চাইলে পর্যটন সচিব বলেন, ‘বিদেশি পর্যটকদের জন্য যদি আমরা কোনো এক্সক্লুসিভ জোন করি, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে যেসব সুযোগ-সুবিধা আছে, বাংলাদেশেও সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে কোনো অসুবিধা নেই।’
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মাহবুব আলী পর্যটনের উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।
