মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়: লা লিগা সভাপতি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ পিএম

ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্পেনের শীর্ষ লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ইতিহাসের সেরা ফুটবলার।

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মেসি। সোমবার মিলানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩২ বছর বয়সী এই ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

মেসি ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ার পর একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছেন। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন রেকর্ড ৩৪টি শিরোপা। তবে জাতীয় দলের হয়ে সাফল্য না পাওয়ায় মেসিকে অনেকে দিয়েগো ম্যারাডোনা, পেলের, রোনালদোর পর্যায়ের সেরা খেলোয়াড় মানতে অনেকের আপত্তি। তাতে একমত নন তেবাস। মেসি প্রসঙ্গে লা লিগা সভাপতি বলেন, “সে ইতিহাসের সেরা খেলোয়াড়।”

“সৌভাগ্যক্রমে আমরা তাকে লা লিগায় পেয়েছি। মেসিকে ছাড়া আমি এই লিগ কল্পনা করতে পারি না। স্প্যানিশ লিগে তার জন্ম। আমি আশা করি, এখানেই সে তার ক্যারিয়ার শেষ করবে।”

পিএসজি তারকা নেইমার প্রসঙ্গেও কথা বলেন তেবাস। সবশেষ দল-বদলে প্যারিসের ক্লাবটি থেকে আবার বার্সেলোনায় ফেরার কথা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। কিন্তু লা লিগায় অনেক চেষ্টা করেও চুক্তিতে পৌঁছাতে পারেনি।

“আমি চেয়েছিলাম, নেইমার লা লিগায় ফিরে আসুক। ...আশা করি, একদিন নেইমার স্প্যানিশ কোনো ক্লাবের হয়ে খেলবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত