নোটের ছেঁড়া টুকরা: ৩ পৌর কর্মকর্তাকে নোটিশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের টুকরো বিলের পানিতে ফেলায় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তিন কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে।

বগুড়ার মেয়র এ কে এম মাহবুবর রহমান জানান, বুধবার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মামুনুর রশিদ, একই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও বস্তি উন্নয়ন কর্মকর্তা রাখিউল আবেদীনকে এই নোটিশ দেওয়া হয়।

২৪ ঘণ্টার মধ্যে তাদের কারণ দেখাতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার অনুরোধে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে নির্ধারিত ডাম্পিং স্টেশনে ২৪০ বস্তা ভরা বাতিল নোটের টুকরো ফেলতে বলা হয়। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ডাম্পিং স্টেশনের বদলে শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নোটের টুকরোগুলো ফেলেন। এ নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেয়। এ কারণে তাদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়।

মঙ্গলবার বগুড়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার চান্দাই গ্রামে রাস্তার পাশে বিলের পানিতে বাতিল নোটের টুকরো ফেলা হয়।

এ ঘটনায় গুজব ছড়ায়, সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে কেউ হয়ত অবৈধ টাকা নষ্ট করেছে। 
অনেকে সেই টুকরো টাকা হাতে করে, লুঙ্গিতে ভরে নিয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে চলা এই উত্তেজনার অবসান ঘটে দুপুরে বাংলাদেশ ব্যাংক থেকে পুলিশ তথ্য পাওয়ার পর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত