অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে রাজধানীর মণিপুরি পাড়ার বাসা থেকে গ্রেপ্তার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (ইনচার্জ) লোকমান হোসেন ভূঁইয়ার অঢেল সম্পদের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে তার ৪১ কোটি টাকা আছে বলে র্যাব জানায়।
র্যাব জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদকে দৈনিক ৭০ হাজার টাকায় ক্লাবের কক্ষ ভাড়া দিয়েছিলেন লোকমান। সাঈদ আরামবাগ ক্রীড়া সংঘেরও সভাপতি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি যুবলীগেরও নেতা।
তারা জানায়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি একটি রেজ্যুলেশনের মাধ্যমে কক্ষটি ভাড়া দেয় তাকে। এ ঘটনায় পরিচালনা কমিটির আর কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে র্যাব।
বুধবার রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র্যাব-২। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকের পর র্যাব-২ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদে লোকমান ক্যাসিনো পরিচালনা ও সেখান থেকে অর্থ আয়ের তথ্য জানায় র্যাবকে।
এর আগে ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে রাজধানী মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্যাসিনো ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার হয়।
লোকমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। বর্তমানে ক্লাবের পরিচালক ইনচার্জ হিসেবেও অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক। এক সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বেও ছিলেন তিনি। বিসিবির পরিচালক হওয়ার পর বিএনপি তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ লোকমান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে তার নিজ বাসস্থান তেজগাঁও মণিপুরি পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গত কয়েক দিন র্যাবের অভিযানকালে তিনি নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে তৎপর ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসা তল্লাশি করে চার বোতল বিদেশি অনুমোদনহীন মদ উদ্ধার করি। মূলত তার বাসা থেকে মাদকদ্রব্য পেলেও তাকে ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আইনের আওতায় আনি এবং গ্রেপ্তার করি।
র্যাব অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার করে র্যাব কার্যালয়ে আনার পর লোকমান প্রাথমিকভাবে স্বীকার করেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধ ক্যাসিনো চালানোর ক্ষেত্রে তার সংশ্লিষ্টতার বিষয়টি। তিনি জানান, মুমিনুল হক ওরফে সাঈদের কাছে প্রতিদিন ৭০ হাজার টাকা অর্থাৎ মাসিক প্রায় ২১ লাখ টাকার বিনিময়ে তিনি ক্লাবরে জায়গাটি ভাড়া দেন। এ ছাড়া ক্লাবে ক্যাসিনো পরিচালনার জন্য তিনি প্রত্যক্ষভাবে সহযোগিতা প্রদান করেন। ক্যাসিনো থেকে তার মাসিক যে আয় হতো তা থেকে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন।
লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রাথমিকভাবে লোকমান জানিয়েছেন, প্রায় ৪১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এই টাকাগুলো একটি বড় অংশ অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে রেখেছেন। এ ছাড়া একটি বড় অঙ্কের অর্থ এফডিআর করেছেন। তার ছেলে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করেন। এই সুযোগে সে প্রায়ই সেখানে যান।
মমিনুল হক সাঈদ সম্পর্কে তিনি বলেন, মমিনুল হক লোকমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মমিনুল হক যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য না। এ জন্য লোকমান তাকে মোহামেডান ক্লাবে অর্থের বিনিময়ে ক্যাসিনো পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো পরিচালনায় ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের কোনো সম্পৃক্ততা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত লোকমানকে জিজ্ঞাসাবাদ করে সম্রাটের কোনো সম্পৃক্ততা পায়নি।’
মমিনুল হক সাঈদ কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
জিজ্ঞাসাবাদে লোকমান ক্যাসিনোর সঙ্গে জড়িত আর কারও নাম বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকমান বারবারই বলেছেন ক্যাসিনো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তিনি পেতেন। বাকিটা মমিনুল দেখত। ক্যাসিনো পরিচালনাও করত মমিনুল। সে পরিচালনায় সার্বিক সহায়তা করত এবং দৈনিক ভিত্তিতে ভাড়া পেত।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডি ক্যাসিনো চালানোর জন্য ক্লাব ভাড়া দেওয়ার বিষয়টি জানত কি না এমন প্রশ্নের উত্তরে র্যাবের অধিনায়ক বলেন, ‘অবশ্যই তারা জানত। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ একটা রেজুলেশন করে ভাড়া দিয়েছে’।
তেজগাঁও থানার ওসি মো. সেন্টু মিয়া বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় র্যাব বাদী হয়ে লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
