গোল্ডেন হারভেস্টে বিনিয়োগ করবে আইএফসি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের দুই প্রতিষ্ঠানের যৌথ মালিকানাধীন কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল) বিনিয়োগ করবে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। সিসিবিএলে আইএফসি প্রায় ৫৫ কোটি টাকা বিনিয়োগ করবে। সম্প্রতি এ বিষয়ে আইএফসির সঙ্গে গোল্ডেন হারভেস্টের একটি চুক্তি হয়েছে।

সিসিবিএলের দুই অংশীদার হচ্ছে গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেড। এর মধ্যে গোল্ডেন হারভেস্ট আইসক্রিম হচ্ছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যা থেকে মূল কোম্পানির টার্নওভারের প্রায় ৫৯ শতাংশ আসে। ২০১৭-১৮ হিসাব বছরে গোল্ডেন হারভেস্টের টার্নওভার ছিল ১৮৭ কোটি টাকা। প্রতি বছরই কোম্পানির বিক্রি থেকে আয় বাড়তে দেখা গেছে। সাবসিডিয়ারি কোম্পানি আইসক্রিমের কারখানা চালুর পর থেকেই আয়ে নিয়মিত প্রবৃদ্ধি হচ্ছে। সিসিবিএলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের আয় আরও বাড়বে। এদিকে সিসিবিএলে আইএফসির বিনিয়োগের সংবাদে গোল্ডেন হারভেস্টের শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। 

সিসিবিএল মূলত দেশব্যাপী কোল্ডস্টোরেজ চেইন চালু করবে। স্থাপন করবে তাপ নিয়ন্ত্রিত গুদাম। গড়ে তুলবে তাপ নিয়ন্ত্রিত যানের একটি বহর, যা দিয়ে দেশের ১৬টি স্থানে পণ্য আনা-নেওয়া করা হবে। সদ্য প্রতিষ্ঠিত এ কোম্পানিতে গোল্ডেন হারভেস্ট ফুডস ও গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের বিনিয়োগ হবে ১ কোটি ৫২ লাখ ডলার, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ১২৮ কোটি ৪৪ লাখ টাকা। আর ওই প্রতিষ্ঠানে আইএফসি ৬৫ লাখ ডলার বা প্রায় ৫৪ কোটি ৯২ লাখ টাকা বিনিয়োগ করবে।

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের মে মাসে গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেডের সঙ্গে কোল্ড চেইন প্রকল্পে অর্থায়নের বিষয়ে চুক্তি সই করে আইএফসি। এর পরিপ্রেক্ষিতে সিসিবিএল প্রতিষ্ঠা করা হয়।

সিসিবিএল কোম্পানিটি তাদের তাপ নিয়ন্ত্রিত গুদামে বাণিজ্যিক ভিত্তিতে অন্য প্রতিষ্ঠানের পণ্য রাখবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোকে পণ্য পরিবহন সুবিধাও দেবে। দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের পচনশীল পণ্য বা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় এমন পণ্য, বিশেষ করে ওষুধ, হিমায়িত মাছ-মাংস, ফলমূল, বেকারি পণ্য ইত্যাদি পরিবহনে সিসিবিএল সেবা দেবে। এতে গোল্ডেন হারভেস্ট এগ্রোর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের মুনাফা বাড়বে, যা মূল কোম্পানির আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

২০১৭-১৮ হিসাব বছরে গোল্ডেন হারভেস্টের নিট মুনাফা ছিল ২২ কোটি ২৮ লাখ টাকা। আর ২০১৮-১৯ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির নিট মুনাফা হয় ১৮ কোটি ৫৯ লাখ টাকা। হিসাব বছর শেষ হওয়ায় কোম্পানিটি এখন লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত