দীর্ঘ দিন পর ওয়ানডে ম্যাচের আশায় ছিলেন পাকিস্তানের দর্শকেরা। কিন্তু বৃষ্টি সেটি হতে দিল না। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম ওয়ানডেটি ভেস্তে গেছে। পিছিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ম্যাচও।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার হওয়ার কথা ছিল প্রথম ম্যাচ। কিন্তু টস করাই সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় সাড়ে চারটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, রবিবার আরও বেশি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিনও দ্বিতীয় ম্যাচ হবে না। এই ম্যাচটি হবে একদিন বাদে, সোমবার।
নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বের অধিকাংশ দল যখন দেশটিতে যেতে রাজি হয়নি, তখন শ্রীলঙ্কা গেছে খেলতে। তাদের আবার প্রথম সারির দশ খেলোয়াড় নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শুক্রবার যে বৃষ্টি হয়েছে তাতে খেলা হতে হলে কমপক্ষে দুদিন লাগবে মাঠ ঠিক করতে।
যারা এদিন টিকিট কেটেছিলেন তারা ৩০ সেপ্টেম্বর অথবা ২ অক্টোবর একই টিকিটে খেলা দেখতে পারবেন।
