ক্যাসিনো মালিকরা কোন দলের কোন কোন নেতাকে কত টাকা মাসোয়ারা দেয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রূপগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধীরা যে দলেরই হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উপজেলার পূর্বাচল উপশহরে ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, আমাদের দেশে যত গাড়ি আছে তত চালক নেই। যত চালক আছে তত দক্ষ চালক নেই। মন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারিভাবে যে ড্রাইভার্স ট্রেনিং সেন্টার গড়ে উঠছে তা সড়ক পরিবহন খাতের জন্য একটি সুসংবাদ। এ ধরনের ড্রাইভার্স ট্রেনিং সেন্টার বাংলাদেশে আরও প্রয়োজন। পূর্বাচলে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের জন্য স্থায়ী জমির ব্যাপারে গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুরনবী শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মশিয়ার রহমান, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক জসিমউদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান প্রমুখ।
