অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের চতুর্থ দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ অবশেষে আলোর মুখ দেখছে। আগামী বছরের জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে অজিরা। সিরিজ হবে দুই টেস্টের। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় থাকবে ওই দুই ম্যাচ। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের ব্যাপারে নিশ্চিত করা হয়। অ্যাশেজের পর বাংলাদেশ সফরটিই হবে টেস্টে বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার পরবর্তী সফর।
আসন্ন সিরিজটি হওয়ার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে। কিন্তু গত সফরের মতো এই সফরটিও পিছিয়েছে। ২০১৫ সালের সিরিজ দুই বছর পিছিয়ে ২০১৭-তে হয়। ১-১ এ ড্র হয় সেই সিরিজ।
এবারেরটি পেছাল কয়েক মাস। এ ব্যাপারে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান জানান, ‘আমাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলার কথা ছিল ২০২০-এর ফেব্রুয়ারিতে, কিন্তু এখন এটি একই বছর জুন-জুলাইয়ে হবে।’
এ ছাড়া এই বছর অক্টোবরে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেটাও পিছিয়ে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়া পিছিয়ে যাওয়া এই সিরিজে একটি ম্যাচ বেশি খেলতে রাজি হয়েছে।
অর্থাৎ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এখন হবে তিন ম্যাচের। পিছিয়ে যাওয়া এই সিরিজ নেওয়া হয়েছে ভারতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তবে ওই সিরিজের দিন-তারিখ এখনো ঠিক হয়নি।
এখন পর্যন্ত মাত্র একবার বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছিল অজিরা। ২০০৩-এর ওই সিরিজে ২-০তে জিতে স্বাগতিকরা। পরে ২০০৫-০৬ মৌসুমে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। ওই সিরিজেও ২-০তে জিতে তারা। কিন্তু ২০১৭তে তৃতীয়বারের দেখায় দুই ম্যাচের সিরিজে একটি হেরে যায় বাংলাদেশের কাছে। ফলে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স প্রধান পিটার রোচ সংবাদমাধ্যমকে বলেন, ‘২০২০ সালের জুনে বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ায় আমরা খুশি। দুই বোর্ডই মনে করেছে, সিরিজ আয়োজনের জন্য এটাই দারুণ সময়। এটা রোমাঞ্চকর এক সিরিজ হবে।’
বাংলাদেশে আসন্ন সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য, যা অ্যাশেজ দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। এরপর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা। এদিকে বাংলাদেশ তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে ভারতের বিপক্ষে দুই টেস্টের অ্যাওয়ে সিরিজ দিয়ে।
