বিএনপি বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি চালু করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘তাদের (বিএনপি) জানের জান, পরানের পরান নেতা তারেক রহমানের আয়ের উৎস ক্যাসিনো।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ইনকাম ট্যাক্সের ফাইলে নানা ধরনের অপকর্মের টাকা ক্যাসিনো থেকে আয় বলে চালিয়ে দিয়েছে।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘হজের জাহাজ হিজবুল বাহারকে প্রমোদ তরীতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। তিনি যুব সমাজকে বিধ্বংসী করেছিলেন। একটি দেশের রাষ্ট্রপতি ছাত্রদের নিয়ে প্রমোদ বিহারে যান কীভাবে? আমরা ছাত্র থাকাকালীন শিক্ষা সফরে যেতাম।’
জিয়াউর রহমান দেশে মদ-জুয়া, হাউজির লাইসেন্স দেন মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফিরে মদ-জুয়া নিষিদ্ধ করেন। দেশে মদের বারও ছিল না। এগুলো বিএনপির সংস্কৃতি।’
