সংগীত শিল্পী এম এইচ রিজভীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে রাজধানীর মগবাজার থেকে রিজভীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। অপহরণের দায়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন তিনি।
দেশ রূপান্তরকে রিজভী জানান, গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০ টার দিকে রাজধানীর মগবাজার থেকে রিজভীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। গাড়িতে উঠিয়ে তার জীবনের বিনিময়ে দুই লক্ষ টাকা দাবি করে। দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার বাবা মা কে ফোন দিতে বলে। অনেক জোড়াজুড়ির পরেও রিজভী অপারগতা প্রকাশ করলে উত্তরার এগারো নম্বর সেক্টরের আট নম্বর রোডে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা সহ শরীরের অন্যান্য স্থানেও এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে। রিজভী সে সময় আর্তচিৎকার করেও কাউকে সাহায্যের জন্য পাননি। কিছুক্ষণ পর এক সিকিউরিটি গার্ড ৯৯৯ নম্বরে কল করলে উত্তরা পশ্চিম থানা-পুলিশের গাড়ি এসে তাকে উদ্ধার করে। শুক্রবার রাতে রিজভী তার ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন।
পরে ওই রাতেই রিজভী হাতিরঝিল থানাতে চারজনের বিরুদ্ধে ৩৬৫, ৩৮৫, ৩২৩ এবং ৫০৬ ধারাতে মামলা দায়ের করেন। মামলার স্মারক নম্বর ৩৮২৩। আসামিরা হলেন, রায়হান হোসাইন, হামিম শেখ, মো. নাফিজুল ইসলাম ও একজন প্রাইভেট কার চালক।
রিজভী বলেন, ‘আসামিরা সবাই ইয়াবা আসক্ত তরুণ। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোর অভিযান চালানো দরকার। ৯৯৯-এ কল না করলে তার জীবন এরা কেড়ে নিতে পারত।’
