নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হেসেখেলে জয়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪ এএম

সহজ জয়ে স্বাগতিক নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে ৬ উইকেটে জয় পায় যুবারা। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এগারো ওভার দুই বাকি থাকতেই ১৮০ রান করে আকবর আলির দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভারে ১৭৬ রানে গুঁড়িয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪০ রান করেন বেন পমার।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। দুটি উইকেট নেন শামিম হোসেন। একটি করে উইকেট নেন তানজিব হাসান সাকিব ও রাকিবুল হাসান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রান-আউট হয়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাহমুদুল হাসান জয়কে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে তোলেন অপর ওপেনার তানজিদ হাসান। তারা দুজনই করেছেন ২৮ রান করে।

সর্বোচ্চ ৬৫ রান করেছেন অধিনায়ক ও উইকেটকিপার আকবর আলি। ৬১ বলে খেলা তার হার না মানা ইনিংসটিতে রয়েছে এগারোটি চারের মার। ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। ২৬ রান করেন তৌহিদ হৃদয়।

একই ভেন্যুতে ২ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত