ধর্মভিত্তিক রাজনীতি ঢাবির মূল্যবোধের সঙ্গে বেমানান: ছাত্রদল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতি বেমানান বলে মত দিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য সাংবাদিকদের জানান। 

এ বিষয়ের সঙ্গে একমত বলে ওই দিনই সাংবাদিকদের জানান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।  তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

শুক্রবার তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ৯০'র দশকে পরিবেশ পরিষদে উগ্র, মৌলবাদি ও হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির ছাত্রসমাজ নিষিদ্ধের যে সিদ্ধান্ত তা কার্যকর করার আলোচনা হয়েছে। 

এর প্রেক্ষিতে রোববার রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদল ক্যাম্পাসে মুক্তচিন্তা, সহাবস্থান ও অসাম্প্রদায়িতকতার পক্ষে। নব্বইয়ের দশকে আমাদের সিনিয়ররা উগ্র, মৌলবাদী ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজকে নিষিদ্ধের যে লিখিত সিদ্ধান্ত নিয়েছেন তা কার্যকরে আপত্তি নেই। 

১৯ সেপ্টেম্বর  জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে জয় পান ইকবাল হোসেন শ্যামল।

শ্যামল দেশ রূপান্তরকে আরো বলেন, ডাকসু কী সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আমরা সঠিক কিছু জানি না। তবে ধর্মভিত্তিক রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেমানান বলে আমরা মনে করি। 

তিনি বলেন, ডাকসুতে কী সিদ্ধান্ত হয়েছে তা সঠিক জানতে পারলে এ বিষয়ে আমরা মতামত দিতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত