আন্দোলনের মুখে ইবির হল বন্ধের সিদ্ধান্ত বাতিল

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৬:১৭ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শারদীয় দুর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন ।

এ বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় আগামী ৩ থেকে ১০ অক্টোবর আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী ৫ অক্টোবর বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষার স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। স্ব-স্ব বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে।

এর আগে সোমবার দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বল্পসময়ের এই ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

এরপর গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেন তারা। পরে রাত ১০টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরাও হলের সামনে বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি, দুর্গাপূজা উপলক্ষে চার দিন ও উপাচার্যের প্রশাসনিক ক্ষমতা বলে অতিরিক্ত একদিনের ছুটি বাড়ানোয় বিশ্ববিদ্যালয় ৩ থেকে ১১ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়। ছুটি উপলক্ষে আগামী ৫ তারিখ বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত কোর্স ফাইনাল পরীক্ষা থাকলেও তা স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত