রাজধানীর রমনা অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে এসি লাগানোর সময় পড়ে গিয়ে আবদুস সালাম (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুস সালাম পাবনার আমিনপুর উপজেলার আহমেদপুর গ্রামের আবু বক্করের ছেলে। স্কয়ার ইলেকট্রনিকস নামে একটি প্রতিষ্ঠানের এসি সার্ভিসিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তার বড় ভাই সেলিম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিত্য গোপাল (৫৯) নামে ফায়ার সার্ভিসের এক স্টেশন অফিসার নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিত্য গোপালের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার কুন্দুরিয়া গ্রামে।
