সরকার অবকাঠামো উন্নয়নের সঙ্গে মানব উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে এবং এর ফলে সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল বুধবার সকালে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ড এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ফোরাম-২০১৯’ আয়োজিত ‘স্ট্রেংদেনিং পার্টনারশিপ টু ড্রাইভ এশিয়াস ইনফ্রাস্ট্রাকচার ভিশন’-এর ওপর বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সেমিনারে আইনমন্ত্রী বলেন, ‘বৈষম্যহীনভাবে সামাজিক ন্যায়বিচার ও সাম্যের কারণে বাংলাদেশে আর্থসামজিক উন্নয়ন সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নাগাদ ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে এবং ‘ভিশন ২০২১’ উন্নয়ন অর্জনের লক্ষ্যে আঞ্চলিক যোগাযোগকে প্রাধান্য দিচ্ছে।
আনিসুল হক বলেন, ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান গত ১০ বছরে আরও বেড়েছে।
তিনি আরও বলেন, সাব-রিজিওনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ জোরদার করার জন্য বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে দেশটির বাজার, এর উচ্চমানসম্পন্ন ও সুলভমূল্যের পণ্য এবং পরিবহন ও লজিস্টিক সেবা গ্রহণের প্রস্তাব দিচ্ছে।
এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা পিএনজি চেওং বুন ও বিশ্বব্যাংকের সিঙ্গাপুর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট হাবের পরিচালক জ্যোতি শুকলা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
