খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তি পুরোপুরি আইনি বিষয়, কারণ তিনি দুর্নীতি মামলায় শাস্তিপ্রাপ্ত আসামি। সুতরাং খালেদা জিয়াকে আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির কাছে আমার প্রশ্ন, তারা কোন পথে খালেদা জিয়ার মুক্তি চান! খালেদা জিয়ার মুক্তি তো আইনের পথে ছাড়া অন্য কোনো পথে সম্ভবপর নয়। কিন্তু বিএনপি বারবার হুঙ্কার দেয়, তারা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। বিএনপির আন্দোলনের নমুনা গত সাড়ে দশ বছর থেকে দেখে আসছি।
‘খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতারা দৌড়ঝাঁপ করছেন, এর ফল কী!’– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি নেতাদের এ রকম দৌড়ঝাঁপ আগেও দেখেছি। গত কয়েক দিনে তাদের সংসদ সদস্যরা বেগম জিয়ার সঙ্গে দেখা করে তাকে মুক্ত করে বিদেশে পাঠাবেন এ রকম কথা বলেছেন। মুক্তির বিষয়টি একান্ত আইনি ব্যাপার, এখানে অন্য কিছু নেই। জামিন বা খালাস বা প্যারোল– সবক্ষেত্রেই আইনি প্রক্রিয়া আছে। আর তিনি কোনো প্যারোলের আবেদন করেননি।’
উইকিলিকসে ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়ার জড়িত থাকার তথ্যপ্রমাণ প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘যে কথাটি এতদিন আমরা বলে আসছি, সেটি উইকিলিকসে তথ্যের মাধ্যমে উঠে আসছে। এটি আদালতে প্রমাণিত হয়েছে। আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এটি প্রমাণিত হয়েছে যে, তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তার পরিচালনা এবং খালেদা জিয়ার জ্ঞাতসারেই শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল।
