কিশোরগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের নকল সিলমোহরসহ আব্দুল্লাহ আল মাসুদ (৩৩) নামে এক তরুণকে আটক করেছে র্যাব।
গত বুধবার মধ্যরাতে কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকার একটি ফার্নিচারের দোকানে র্যাব ব্লক রেইড দিয়ে তাকে আটক করে। আটক মাসুদ শহরের পশ্চিম তারাপাশা এলাকার একেএম সামসুল ইসলাম রাজ্জাকের ছেলে। তার নামে হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান, আব্দুল্লাহ আল মাসুদ ফার্নিচার ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে সহযোগীদের নিয়ে ভূমি দখল করে আসছিল। তার কাছ থেকে বিদেশি রিভলভার, বিদেশি পিস্তল, এয়ার পিস্তল, ছয় রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া জেলার ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তার দলিল সংক্রান্ত বেশকিছু নকল সিল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মাসুদ জাল দলিল তৈরি করে সহযোগীদের সহায়তায় অবৈধ অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ভূমি দখল করার কথা স্বীকার করেছে।
