খুলনায় বাসের চাকায় পিষ্ট বিশ্ববিদ্যালয়ছাত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০২:২৯ এএম

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে আনিকা কুমকুম নিশা (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নগরীর ১৫ নম্বর গগনবাবু রোডের মোল্লা আবু জাফরের মেয়ে নিশা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ছাত্রী ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিশা একটি মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে একটি বাস এসে তার মাথার ওপর চাকা উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া গত বুধবার রাতে রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্য ও সাভারের সালেহপুর এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের যাত্রী নিহত হন। গতকাল বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী, ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন ও কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত হন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান জানান, দুজন র‌্যাব সদস্য রাত ১টার দিকে কাকরাইল মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে যান। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হাসান মাহমুদকে (৩০) মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। তিনি র‌্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন। অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাভার : মডেল থানার এএসআই অজিত কুমার সাহা জানান, বুধবার রাতে সালেহপুর এলাকায় দ্রæতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারে থাকা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী ঠিকাদার কাজী সেলিমুর রহমান (৪৩)। দুর্ঘটনায় আহত হন খালেদা নিজেও। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গতকাল সকালে রেডিও কলোনি এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় আহমদ আলী নামে এক পথচারী যুবক নিহত হন। তিনি সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার কোরবান আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন।

ফরিদপুর : গতকাল দুপুরে সদরপুরের জাজিরাকান্দি গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চরমানাই ইউনিয়নের আবুল কালাম আজাদ (৫৩) ও মিনা হাওলাদার (৫৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ তার মোটরসাইকেলে মিনাকে নিয়ে হাকিম মাতুব্বরের হাটে যাচ্ছিলেন। মিজান কাজীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আছমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হন। গতকাল দুপুর দুইটার দিকে উপজেলার শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের কাছে এ দুর্ঘটনা ঘটে। আছমা উপজেলার শম্ভুপুর এলাকার ইতালিপ্রবাসী জাকির হোসেনের স্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত