ফ্রান্সের কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরের এক কর্মচারীর ছুরিকাঘাতে চার কর্মকর্তা নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে মারা যান হামলাকারীও। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে প্যারিসের কেন্দ্রস্থল নতর-দাম ক্যাথেড্রালের কাছে ঘটে এই ঘটনা।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলাকারী সদর দপ্তর ভবনে ঢুকে নিজ কার্যালয় থেকে ছুরি নিয়ে সহকর্মীদের ওপর হামলা চালান। এতে তিনজন পুরুষ ও একজন নারী নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে কর্মক্ষেত্রে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
ঘটনাটি এমন সময়ে ঘটল যখন কম মজুরি, দীর্ঘ সময় কাজ ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে পুলিশ কর্মকর্তারা ধর্মঘট শুরু করেছেন।
ঘটনার পর পুলিশ সদর দপ্তরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে নিকটবর্তী মেট্রো স্টেশন।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ্পো এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
