কোনো ধর্মের সঙ্গে নামের সম্পর্ক নেই

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১২:৫৮ পিএম

গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার প্রচার হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ পর্ব। সেখানেই অমিতাভ বচ্চন জানালেন, তার পদবির সঙ্গে কোনো ধর্মীয় সম্প্রদায়ের যোগাযোগ নেই। কারণ বচ্চন তাদের পারিবারিক পদবি নয়।

বিগ বি জানান, তার বাবা হরিবংশ রাই কোনো বিশেষ ধর্মের প্রতি অনুগত থাকার বিরোধী ছিলেন। তাই এই অসাম্প্রদায়িক পদবির উদ্ভাবন।

অমিতাভ বলেন, “আমার পদবি বচ্চন কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয়। কারণ বাবা এর বিরুদ্ধে ছিলেন। আমার পদবি ছিল শ্রীবাস্তব, কিন্তু ওই পদবিতে আমরা বিশ্বাস করি না। আমি খুব গর্বিত যে আমিই প্রথম বচ্চন পদবিটি বহন করেছি।”

আরও বলেন, “যখন বাবা আমাকে কিন্ডারগার্টেনে ভর্তি করতে নিয়ে যান, তখন তাকে আমার পদবি জিজ্ঞাসা করা হয়। তখনই বাবা ঠিক করেন যে আমার পদবি হবে বচ্চন। সেনসাস দপ্তরের কর্মীরা যখন আমার বাড়িতে আসেন এবং আমার ধর্ম কী সেটা জানতে চান, আমি কলি যে আমার কোনো ধর্ম নেই, আমি একজন ভারতীয়।”

হিন্দি সাহিত্যের বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের আদর্শকে অত্যন্ত গর্বের সঙ্গেই বহন করে চলেছেন অমিতাভ। পদবি যেহেতু ধর্মীয় সম্প্রদায়ের পরিচায়ক, তাই সেই পদবিকেই পরিত্যাগ করেছিলেন হরিবংশ। গান্ধীর মতাদর্শে অনুপ্রাণিত হরিবংশ মানুষকে রাখতেন সবার ওপরে, তার পেশাকে নয়। উৎসবের দিনে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণামের ভারতীয় রীতিকে তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন কীভাবে, তা জানালেন অমিতাভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত