দেশে শিগগিরই আরেকটি সংসদ নির্বাচন হবে মনে করছেন গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, ‘সরকার বুঝতে পেরেছে যে তারা দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সহ্য করতে পারছে না। এখন চলে যাওয়ার সময় এসেছে।’
গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামবাসীর সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে
তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়ার সিলেট বিভাগে চার দিনের সফরের গতকাল ছিল তৃতীয় দিন।
তিনি বলেন, ‘গদি ছাড়ার আগে চতুর্থ ও পঞ্চম সারির লুটেরাদের ধরে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে সরকার। জনগণ তখনই খুশি হবে যখন দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী ও ঋণখেলাপিদের বিচারের আওতায় আনা হবে।’ রেজা কিবরিয়া আরও বলেন, ‘আসল অর্থসম্পদ লুটেরাদের গ্রেপ্তার না করে এদের চ্যালার চ্যালাদের ধরে সরকার বাহবা নেওয়ার চেষ্টা করছে।’ তিনি বলেন, ঐক্যফ্রন্ট এই অবৈধ সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে কথা বলছে। আওয়ামী লীগকে জনগণ পছন্দ করছে না। ইতিমধ্যে এরা ঘৃণিত দল হিসেবে পরিচিতি লাভ করেছে। এরা জনগণের বদদোয়া পাচ্ছে।’ সরকার পরিবর্তন হবে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেশে নতুন হাওয়া বইতে শুরু করেছে। এতে দেশবাসীর মঙ্গল হবে। কীভাবে পরিবর্তন হবে আমি জানি না।’
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান ড. রেজা কিবরিয়া আরও বলেন, ‘১৫ বছরেও বাবার হত্যার বিচার পায়নি আমাদের পরিবার। আমার মা আসমা কিবরিয়া ক্যানসার আক্রান্ত হয়েও এই বিচার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কেউ রাতের আঁধারে ভোট চুরি করে রাষ্ট্র পরিচালনা করুক এমন গণতন্ত্র জনগণ চায় না।’ তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে কোনো কিছু বললে গ্রেপ্তার করা হচ্ছে। সরকার যেখানে জনগণকে ভয় পাওয়ার কথা সেখানে জনগণ সরকারকে ভয় পাচ্ছে।’
