ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশে ধর্মীয় সম্প্রীতি এতটাই ভালো অবস্থানে আছে যে, এটা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত।
রবিবার গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়িতে দুর্গাপূজা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
শেখ আবদুল্লাহ বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান সবাই মিলে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। সুন্দরভাবে সবকিছুই পালিত হচ্ছে।’ এ সময় সবাইকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার অনুরোধ করেন তিনি। এ বছর জেলার ১ হাজার ২০২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পরে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মো. রুহুল আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক ছাড়া দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর প্রতিমন্ত্রী দুপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়ার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
