তিস্তা ও বুড়িগঙ্গায় নৌকাডুবি নিখোঁজ ১১

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০২:২৩ এএম

কুড়িগ্রামের তিস্তা ও রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তিস্তা নদীতে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রাজারহাটের বুড়িরহাট টি-বাঁধ এলাকায় ২০-২৫ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে ওয়াইজঘাট এলাকায় বুড়িগঙ্গা

নদীতে লঞ্চের বেগারে দেওয়ার সময় যাত্রীবাহী একটি খেয়ানৌকা ডুবে চার যাত্রী নিখোঁজ রয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিস্তায় উদ্ধার হওয়া জলিল মিয়া দেশ রূপান্তরকে জানান, আবাদি ক্ষেত দেখভাল করার জন্য তিস্তার ওপারে খিতাব খাঁ মধ্য চরের উদ্দেশে যাচ্ছিলেন তারা। নৌকাটিতে আনুমানিক ২০-২৫ জন যাত্রী ছিল। নৌকাটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তীব্র স্রোতের মুখে পড়ে। এ সময় নদীরক্ষা বাঁধের স্পারে নৌকার সামনের অংশ ধাক্কা লেগে ডুবে যায়।

রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, নৌকাডুবির খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। স্রোতের কারণে বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সাতজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।

গতকাল বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার  মুহা. রাশেদুল হক প্রধান। জেলা প্রশাসক সুলতানা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত