ভারত সফরে গিয়ে শ্যাম বেনেগালের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৮:৪৮ পিএম

ভারতীয় প্রযোজক শ্যাম বেনেগাল নির্মাণ করতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু’র বায়োপিক। এর আগে শ্যাম বেনেগাল বাংলাদেশে এসে দেখা করে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এদিকে শেখ হাসিনা ভারত সফরে গিয়ে সিনেমাটির অগ্রগতি নিয়ে কথা বলেছেন শ্যাম বেনেগালের সঙ্গে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের চিত্রনাট্য লিখছেন অতুল তিওয়ারি। রবিবার আলোচনায় একটি তথ্যচিত্র তৈরির কথাও হয়।

শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গেও বৈঠক করেছে। ছবিটি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনাও হয়েছে। জানা গিয়েছে, চিত্রনাট্যের জন্য গবেষণা করতে অতুল বাংলাদেশে আসবেন।

বঙ্গবন্ধুর বায়োপিক তৈরির কাজ ২০২১ সালের ২৬ মার্চের মধ্যে শেষ হবে বলেও জানান পরিচালক শ্যাম বেনেগাল।

ভারতীয় গণমাধ্যমে শ্যাম বেনেগাল বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এ ধরনের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ইতিহাসের প্রতি সৎ থাকা বড় একটি বিষয়। আমি সেটাই করতে চাই। এটা হবে জীবনীভিত্তিক একটি চলচ্চিত্র, এর মধ্যে আরও অনেক কিছু আসবে। এটা একটি জাতির জন্মের কথা বলবে, এর একটি মহাকাব্যিক দিকও থাকবে। এতে এমন এক ব্যক্তির গল্প থাকবে, যিনি একটা দেশের বিজয় নিয়ে এসেছেন। এ ছাড়া গ্রিক থিয়েটারের মতো শেষের দিকে ট্র্যাজেডিও থাকবে। এটা হবে অন্যরকম একটা গল্পের চিত্রায়ণ। এটা সঠিকভাবে করাটা বেশ কঠিন। কিন্তু, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “যৌথ প্রযোজনার হলেও সিনেমার পুরো চিত্রায়ণ হবে বাংলাদেশে। আমি আশা করি দুই দেশের সবাই নিষ্ঠার সঙ্গে কাজটি করবেন। তবেই এটা একটা সফল কাজ হবে। আমরা সবাই আশা করি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শেষে ও ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তির মধ্যেই সিনেমাটির নির্মাণ সমাপ্ত হবে। সিনেমার মূল ভার্সনের ভাষা হবে বাংলা। অন্যান্য দেশের ক্ষেত্রে সেই দেশের ভাষার সাব টাইটেল থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত