সানিয়ার বোনকে বিয়ে করছেন আজহারউদ্দিনের ছেলে

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১১:১৮ পিএম

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ও টেনিস তারকা সানিয়া মির্জা যে আত্মীয়তার সম্পর্কে জড়াচ্ছেন, এই গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। এবার দুই পক্ষ থেকেই নিশ্চিত করা হলো বিষয়টি। সানিয়া মির্জার বোন আনাম মির্জাকে বিয়ে করতে যাচ্ছেন আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিন।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিসেম্বরে আমার বোনের বিয়ে। প্যারিসে ব্যাচেলর পার্টি থেকে কিছুদিন আগেই আমরা ফিরলাম। আমরা বিয়ে নিয়ে বেশ উত্তেজিত।’

সানিয়ার বোন আনাম পেশায় ফ্যাশন ডিজাইনার। বেশির ভাগ ইভেন্টে বোনের ডিজাইন করে দেওয়া পোশাকই পরেন সানিয়া। অন্যদিকে আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিন একই সঙ্গে ক্রিকেটার, আইনজীবী ও ব্যবসায়ী। কনস্ট্রাকশন ব্যবসা রয়েছে তার। ২৯ বছর বয়সী আসাদ বাঁহাতি ব্যাটসম্যান, দুটি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন।

সানিয়ার বোনের এটি দ্বিতীয় বিয়ে। বছর তিনেক আগে হায়দরাবাদে আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আনাম মির্জা। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। বেশ কিছুদিন একা থাকার পর তার জীবনে আসেন আসাদ। এবার তাদের প্রণয় গড়াচ্ছে পরিণয়ে।

আসাদউদ্দিন আজহার-নউরীনের প্রথম সন্তান। তবে পরে নউরীনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আজহারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত