ইউকেবিসিসিআই ‘আজীবন সম্মাননা’ পেলেন মঞ্জুর এলাহী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:২৭ এএম

যুক্তরাজ্যে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকেবিসিসিআই) ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। বাংলাদেশের ব্যাংক খাতে স্বচ্ছতা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে অবদান রাখায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের (১৯৯৬ ও ২০০১) সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে এ সম্মাননা দেওয়া হয়।

তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি মানুষের জন্য ফাউন্ডেশন, ফ্রিডম ফাউন্ডেশন, প্রগতি ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এছাড়া ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি লন্ডনের হিলটন পার্ক লেন হোটেলের বলরুমে ‘ইউকেবিসিসিআই বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিওর এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয় সৈয়দ মঞ্জুর এলাহীকে।

সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘এমন আন্তর্জাতিক স্বীকৃতি আমার কাজের প্রতি আরও দায়িত্বশীল করবে। এর আগেও সংগঠনটির সম্মাননা পেয়েছি। এই সম্মাননা আমার জন্য বিশেষ কিছু।’

সংগঠনটির প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই জানান, এবারের আয়োজনে ব্রিটেনের এমপি ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যবসায়ীসহ ৮০০ অতিথি উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত