জহির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পান্ডিয়া

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:৪১ পিএম

টিম ইন্ডিয়ার সাবেক পেসার জহির খানের ৪১তম জন্মদিন ছিল সোমবার। সাবেক ‘স্পিড স্টার’কে শুভেচ্ছা জানালেন বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার। শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। জহিরের জন্মদিন উপলক্ষে এমন এক ভিডিও পোস্ট করেন তিনি, যা ভালোভাবে নেয়নি ভারতের ক্রিকেট সমর্থকরা।

জাহিরকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ঘরোয়া ক্রিকেটের একটি ভিডিও পোস্ট করেন পান্ডিয়া। যেখানে দেখা যাচ্ছে, জহিরের একটি ডেলিভারি পান্ডিয়া মিড উইকেট দিয়ে তুলে মারছেন। ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন জ্যাক (জহির)... আশা করি, আপনি এটি মাঠের বাইরে ফেলবেন, যেমনটা আমি করেছি।”

জহিরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোই হয়তো উদ্দেশ্য ছিল পান্ডিয়ার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তার এমন ভিডিও ভালোভাবে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন উঠেছে, জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ রকম ভিডিও কেন পোস্ট করা হলো। পান্ডিয়ার পোস্টে তীব্র ক্ষোভ জানিয়েছেন জহিরের ভক্তরা।

পান্ডিয়ার এই কাণ্ড জহিরের প্রতি অসম্মান প্রদর্শন বলে মনে করছেন একজন। পান্ডিয়ার টুইটের জবাবে তিনি লিখেছেন, “এটা খুব অসম্মানজনক।” আরেকজন আবার এটিকে পান্ডিয়ার অহংকার বলে মনে করছেন, “আপনার অহংকার আপনাকে নষ্ট করবে ভাই, নম্র থাকুন। বোকার মতো কাজ করবেন না।”

চলতি বছরের শুরুতে ভারতের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন পান্ডিয়া। হয়েছিলেন নিষিদ্ধও। একজন সেটিই মনে করিয়ে দিয়েছেন পান্ডিয়াকে, ‘পান্ডু ভাই কফি পান করার জন্য আবার করণের কাছে চলে গেছে।”

জহিরের সেরা ফর্মের সময়ে তার সামনে পড়লে তাকে ছয় মারতে হতো না বলেও পান্ডিয়াকে মনে করিয়ে দিয়েছেন একজন।– “একজন বোলার হয়েও সে ৫৩টি অসাধারণ ছক্কা মেরেছে। ব্রেট লি, শোয়েব আখতারের মতো বোলারদের সে ছক্কায় মাঠের বাইরে ফেলেছে। সেরা ফর্মের সময়ে জহিরের সামনে পড়লে তার ইনসুইঙ্গিং ইয়র্কার তোমার পায়ের পাতায় এসে লাগত। সে একজন কিংবদন্তি।”

“টাকা সম্মান কিনতে পারে না।”- বলেও মন্তব্য করেন একজন।

সম্প্রতি লন্ডনে পান্ডিয়ার পিঠে অস্ত্রোপচার হয়েছে। ফিট হয়ে মাঠে ফিরতে লাগতে পারে বেশ কয়েক মাস সময়। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে অনিশ্চিত এই অলরাউন্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত