ডিবিএইচ মিউচুয়াল ফান্ড রূপান্তর

ট্রাস্টিকে ইউনিটধারীদের সভা আহ্বানের পরামর্শ এসইসির

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:৪৫ পিএম

ডিবিএইচ মিউচুয়াল ফান্ড বেমেয়াদিতে রূপান্তরে ইউনিটধারীদের সভা আহ্বানের পরামর্শ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মেয়াদি ফান্ড বেমেয়াদিতে রূপান্তরে ৭৮ শতাংশ ইউনিটধারীদের দাবির পরিপ্রেক্ষিতে করণীয় জানতে ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানির (বিজিআইসি) চিঠির জবাবে এমন পরামর্শ দিয়েছে এসইসি।

গত ২৩ আগস্ট মেয়াদি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও দশ বছরের জন্য বাড়ায় ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফলে এ মিউচুয়াল ফান্ডের মেয়াদ বেড়ে দাঁড়ায় ২০৩০ সালের ৬ ফেব্রুয়ারি। তবে মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অদক্ষতা ও জবাবদিহির অভাবে খাতটির বিনিয়োগকারীদের অনীহা তৈরি হয়েছে, এতে বিনিয়োগকারীরা মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তর করতে চান।

সম্প্রতি ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড বেমেয়াদিতে রূপান্তরে ৭৮ শতাংশ ইউনিটধারী ট্রাস্টিকে সভা আহ্বান করতে চিঠি দেয়। তবে এ উদ্যোগে রাজী নয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। উল্টো যেসব প্রতিষ্ঠান ডিবিএইচ মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে, তাদের কারসাজিকারক হিসেবে অভিহিত করে এসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অভিযোগ করা হলেও তদন্তে এসইসি কারসাজির কোনো প্রমাণ পায়নি। এ পরিস্থিতিতে ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি করণীয় জানতে এসইসির শরণাপন্ন হলে  প্রচলিত বিধি অনুযায়ী ইউনিটধারীদের সভা আহ্বানের জন্য ট্রাস্টিকে কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রূপান্তর ইস্যুতে ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি আমাদের কাছে করণীয় জানতে চেয়েছিল। কমিশনের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাস্টিকে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এসইসির ওই চিঠি এখনো পাননি বলে জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, চিঠি পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা অনুসারে, কোনো একটি স্কিম বা সকল স্কিমের ইউনিট মালিকদের তিন-চতুর্থাংশ সভা তলব করলে সেক্ষেত্রে ট্রাস্টি ইউনিট মালিকদের সভা আহ্বান করবে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে কোনো মেয়াদি ফান্ড বা স্কিমের বিশেষ সভায় উপস্থিত অন্যূন তিন-চতুর্থাংশ ইউনিট মালিকরা স্কিমটির রূপান্তরের পক্ষে প্রস্তাব গ্রহণ করলে কমিশনের অনুমোদন সাপেক্ষে মেয়াদি মিউচুয়াল ফান্ডের স্কিম অথবা স্কিমগুলো বেমেয়াদি স্কিমে রূপান্তর করা যেতে পারে। সর্বশেষ গত বছরের অক্টোবরে মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিএসইসির নির্দেশনা অনুসারে, বিদ্যমান তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের সমান আরও একটি মেয়াদে বাড়ানো যাবে। এক্ষেত্রে শর্ত হলো, বিদ্যমান কোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদ শুরু থেকে মোট ২০ বছরের  বেশি হবে না। এছাড়া যেসব মেয়াদি মিউচুয়াল ফান্ড মেয়াদ বাড়াতে ইচ্ছুক নয়, সেগুলো বিধি  মোতাবেক রূপান্তর বা অবসায়নের সুযোগও থাকবে।

ফান্ডটির উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেÑ বেসরকারি সংস্থা ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ডিবিএইচ, আইডিএলসি ইনভেস্টমেন্ট, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইউসিবি, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এল আর গ্লোবাল পরিচালিত মেয়াদি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বাজারমূল্যে বর্তমানে ফান্ডটির আকার ১২০ কোটি ১৬ লাখ টাকা। সর্বশেষ গতকাল ফান্ডটির প্রতি ইউনিট ৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত