মহাকাশচারী অ্যালেক্সি আরকিওভিচ লিওনভ মারা গেছেন। গতকাল শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর বারদেনকো সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহাশূন্যে হাঁটা প্রথম মানুষ লিওনভ। সোভিয়েত যুগের এই মহাকাশচারীর বয়স হয়েছিল ৮৫ বছর।
রাশিয়ার মহাকাশ সংস্থা রশকসমসের বরাতে স্পেস ডটকম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রশকসমসও এক শোকবার্তায় তার মৃত্যুকে মহাকাশ অভিযাত্রার একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে আখ্যা দিয়েছে।
অ্যালেক্সি লিওনভ ১৯৬৫ সালে প্রথম মহাশূন্যে হেঁটে ইতিহাস গড়েছিলেন। মহাকাশযানে সংযুক্ত ৪ দশমিক ৮ মিটার কেবলে মহাশূন্যে হাঁটেন তিনি। ১২ মিনিটের বেশি সময় তিনি মহাশূন্যে ভাসমান অবস্থায় ছিলেন। তিনি ১৯৭৫ সালেও যুক্তরাষ্ট্র-রাশিয়ার এক যৌথ মহাকাশ অভিযাত্রায় অংশ নিয়েছিলেন।
১৯৬০ সালে প্রথম মহাশূন্যে যাওয়া প্রথম ব্যক্তি ইউরি গ্যাগারিনের অধীনে সোভিয়েত এয়ারফোর্সের যে ২০ পাইলট প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের দলে ছিলেন অ্যালেক্সি লিওনভও। চাঁদেও যাওয়ার তালিকায় ছিলেন একসময়ে তুখোড় শিল্পী।
অ্যালেক্সি লিওনভ ১৯৩৪ সালের ৩০ মে সাইবেরিয়ার ছোট্ট শহর লিস্টভিয়াংকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে মন ছিল বেশি। ১৯৫৩ সালে ইউক্রেনের খারকভ শহরের বিমানবাহিনী স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত রিগার অ্যাকাডেমি অব আর্টসে পড়তেন। ১৯৫৭ সালে পাওয়া স্নাতকের ডিগ্রিটা তার এয়ারফোর্স স্কুলেরই।
