যখন বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল মরা উইকেট, বোলারের জন্য কিছুই নেই। দক্ষিণ অফ্রিকা ব্যাটিং করতে নামার সঙ্গে সঙ্গে পুনের সেই উইকেট নিজের চরিত্র বদলে ফেলেছে। অবশ্য উইকেটের দোষ দিয়ে লাভ নেই। বরং বলা ভালো সফরকারীদের ব্যাটিংই ভঙ্গুর। কোনো গভীরতা আছে বলে মনে হচ্ছে না। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। শেষ বেলায় ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান করে প্রোটিয়ারা। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ৫৬৫ রানে পিছিয়ে আছে তারা। আজ ফলোঅনের শঙ্কা নিয়ে আবার মাঠে নামবেন ফাফ ডু প্লেসিসরা।
পুনে টেস্টের গতকালের দিনটি ছিল বিরাট কোহলিময়। প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। গতকাল ডাবল সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। এটা তার সপ্তম ডাবল সেঞ্চুরি। শচিন টেন্ডুলকার ও বিরেন্দ্র শেবাগের টেস্ট ডাবল সেঞ্চুরির সংখ্যা ছয়টি। ডাবল সেঞ্চুরির হিসাবে বিরাটের সামনে আছেন কেবল ডন ব্র্যাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) এবং ব্রায়ান লারা (৯)। ডাবল সেঞ্চুরি করার পথে গতকাল টেস্টে সাত হাজার রানের মাইলফলকও সম্পর্শ করেন কোহলি। মাত্র ১৩৮ ইনিংসে মাইলফলক ছুঁয়েছেন তিনি। টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ওয়ালি হ্যামন্ডের লেগেছিল ১৩১ ইনিংস। শেবাগ খেলেছিলেন ১৩৪ ইনিংস। আর শচিনের লাগে ১৩৬ ইনিংস। গতকাল কোহলির ব্যাটিং শৌর্যে অন্যদের কৃতিত্ব ঢাকা পড়ে যায়। চায়ের বিরতির পর দ্বিশত রান করেন বিরাট কোহলি। তার অপরাজিত ২৫৪ রানের সুবাদে পাঁচ উইকেটে ৬০১ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। বিরাটের টেস্ট ক্যারিয়ারের এটা সর্বাধিক রান। ৩৩৬ বলের ইনিংসে তিনি ৩৩টি চার ও দুটি ছক্কা মেরেছেন। ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশত রানের মালিক গতকাল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ৬৯৯৬ রানকে টপকে গেছেন। গতকাল দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি ভারত। মধ্যাহ্ন বিরতির পর ৫৯ রানে আউট হন অজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে কোহলির সঙ্গে জুটিতে তিনি ১৭৮ রান যোগ করেন। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ২২৫ রান যোগ করেন কোহলি। ছয় মারতে গিয়ে ৯১ রানে আউট হন জাদেজা। তার ১০৪ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। প্রথম দিন শেষে তিন উইকেটে ২৭৩ রান ছিল ভারতের। কোহলি ৬৩ আর রাহানে ১৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে তারা সুযোগ দিলেও তা কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে যা হওয়ার তাই হয়েছে। বিশাখাপত্তমে প্রথম টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। চলতি পুনে টেস্টেও শক্ত অবস্থানে রয়েছে তারা। ভারতীয় পেসারদের দাপটে মারকারাম (০), এলগার (৬) ও বাভুমা (৮) প্যাভিলিয়নে ফিরেছেন। প্রথম দুই উইকেট নেন উমেশ যাদব। বাভুমাকে আউট করেন মোহাম্মদ শামি। এখনো ৫৬৫ রানে পিছিয়ে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের খেলা শেষে আজিঙ্কা রাহানে বলেন, ‘মনে হয় আমরা ভালো ব্যাটিং করেছি। পরে পেসাররা তাদের কাজ করেছে। প্রথম দিন মায়াঙ্ক দারুণ ব্যাটিং করেছিল। আমরা ভেবেছিলাম আজ (গতকাল) পাঁচশ করে ছাড়ার কথা। কিন্তু কোহলি ও জাদেজা যেভাবে ব্যাটিং করেছে তাতে সহজেই ছয়শ পার করে ফেলেছি। তবে এটা ছয়শ রানের উইকেট নয়।’ রাহানের কথা যে সত্যি তা হারে হারে টের পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
